খুলনায় মহানগর ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে গুলি ও কুপিয়ে ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদার হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ মো. রিপন (৩৬) নামে একজনকে আটক করেছে। গত সোমবার রাতে নগরীর রূপসার চাঁনমারী এলাকার চর স্কুল গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলায় জড়িত সন্দেহে মো. রিপন নামে একজনকে আটক করা হয়েছে। যেহেতেু এ ঘটনায় এখনো মামলা হয়নি। তাই প্রাথমিক জিজ্ঞাসাবদ শেষে তাকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে মামলা হলে তাকে সম্পৃক্ত করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া ভিডিও ফুটেজ দেখে কয়েকজন খুনিকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনের জনাকীর্ণ সড়কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে। তারা খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাশ বাহিনীর সদস্য। এই জোড়া হত্যার সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
ঘটনার পর পুলিশ মাদক ব্যবসা নিয়ে কোন্দোল ও আধিপত্য বিস্তারসহ চারটি কারণ সামনে রেখে তদন্ত করছে।
