ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা শুনে অনেকেই এভারকেয়ার হাসপাতালে ছুটে গেছেন কিডনিসহ অঙ্গ দিতে। মানুষ আপসহীন নেত্রীর প্রতি নিঃস্বার্থভাবেই এই ভালোবাসা দেখিয়েছেন। আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেন। সবাই নেত্রীর জন্য দোয়া করবেন।
মাজেদ বাবু বলেন,আমাদের নেত্রী তৃণমূলের অহংকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণের পর থেকেই বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলের রাজনীতির হাল ধরেন। তিনি তৎকালীন স্বৈরশাসক এরশাদকে রুখেছেন। এরপর গত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করেছেন। অন্যায়, নির্যাতন এবং দেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গিয়েছেন। তিনি বিনা দোষে বৃদ্ধ বয়সে সাড়ে সাত বছর জেল খেটেছেন। তবুও তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আপস করেননি। এজন্য দলমত নির্বিশেষে সকলের কাছে তিনি শ্রদ্ধার মানুষ। যতদিন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলা হবে ততদিন খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে।
বুধবার বাদ জোহর ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম এবং দোয়া মাহফিল হয়।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি,যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, এ কে এম হারুন অর রশিদ, মো. আহসান পারভেজ, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরিফ আবেদীন জায়েদী। পৌর বিএনপির আহ্বায়ক মো. সায়েদুল হক, সদস্যসচিব মো. নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, মো. হায়দার আলী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জের জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার মুহতামিম মাহমুদুল হক আযীযী।
