দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় ২ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও ৭ শ্রমিক আহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর রাজাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহত ২ জন হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কিশামত কাদীকল গ্রামের মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও দিঘলডাঙ্গী গ্রামের সুভাষ চন্দ্র রায়ের কন্যা আদুরী রানী (১৮)। নিহতরা ফতেজংপুর নামকস্থানে ট্রিলিয়ন গোল্ড কোম্পানীর শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে। তাদের পাশ্ববর্তী সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ট্রিলিয়ন গোল্ড কোম্পানীর কাজ শেষ করে একটি ভ্যান করে কয়েকজন সৈয়দপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেজংপুর রাজাপাড়া নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে মোর্শেদা বেগম ও আদুরী রানী মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় ভ্যান ও বাসের আহত যাত্রীদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ৭ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ওই সড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
দুর্ঘটনা কবলিত বাস ও ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ থানায় নেয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
