পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে প্রায় ৪৫ ফুট দৈর্ঘ্যরে বিশালাকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটার গভীরে তিমিটি ভাসমান অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে এটিকে বেলিন প্রজাতির তিমি বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যরা তিমিটির অবস্থান নিশ্চিত করেন।
সৈকতে কর্মরত ওয়াটার বাইক চালকদের মাধ্যমে খবর পেয়ে তিমিটি দেখতে যান উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু। তিনি বলেন, তিমিটি কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটার গভীর সমুদ্রে ভাসছিল। এর দৈর্ঘ্য প্রায় ৪৫ ফুট। ধারণা করা হচ্ছে, এটি ৫ থেকে ৬ দিন আগে মারা গেছে। স্রোতের কারণে তীরে পৌঁছাতে আরও সময় লাগতে পারে।
এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন বলেন, বিষয়টি আমরা জেনেছি। আমাদের বিট কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে ব্যবস্থা নেওয়া হবে। ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, জাহাজের ধাক্কা, মাছ ধরার জালে আটকে যাওয়া, রোগসংক্রমণ, সামুদ্রিক দূষণ কিংবা অন্য কারণে তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও বিস্তারিত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এদিকে স্থানীয় পরিবেশকর্মীরা মৃত তিমিটিকে সংরক্ষণ ও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
