আজ নয়, খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে রবিবার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার না আসায় পিছিয়ে গেল বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা।

আজ শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ৭ তারিখ (রবিবার) ফ্লাই করবেন।

বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এদিকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। শুক্রবার সকাল ১০টায় ৫৩ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়াকে দেখতে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত