কুষ্টিয়ার দৌলতপুরে আর্থিক লেনদেনের জেরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে রফি মন্ডল (৪৮) নামে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে ইউসুফ ও রবজেল নামে আরো দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে এই গোলাবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফি মন্ডল স্থানীয় বাসিন্দা মৃত মতালেব মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৯ নম্বর পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামের বাসিন্দা মহত আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও হারান ফারাজির ছেলে মহসিন ফরাজী (৬০), স্থনীয় চা দোকানী ওবাইদুল (৪৫)’র চা দোকানের পাশে বাঁশের তৈরি মাচার ওপর বসে আলাপ করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল আরোহী ৫ জন অজ্ঞাতনামা মুখোশধারী মোটরসাইকেল থামিয়ে রফিকুলের বুকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় রবজেল ফরাজী (৪৫), ইউসুফ মোল্লা (৪০) তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা পরিস্থিতি বেগতিক দেখে তাদের পায়ে গুলি করে তাদের দুই মোটরসাইকেল দুই দিকে পালিয়ে যায়।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইপি সদস্য নুরুল ইসলাম জানান, কৃষি শ্রমিক রফিকের সঙ্গে পাশের গ্রামের আলামিন নামে এক ব্যক্তির টাকা পয়সা লেনদেনের ঘটনায় সৃষ্ট দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে নিহতের স্বজনদের কাছে শুনেছি।
হত্যাকাণ্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, মোটরসাইকেলযোগে এসে ৫ জন দুর্বৃত্ত রফিকে গুলি করে। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পুলিশ তদন্ত করে দেখছে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের গ্রেপ্তার করা হবে।
