ধর্মের টানে অভিনয়কে বিদায়  জানালেন মৌ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

এবার ধর্মের টানে অভিনয়কে বিদায় জানালেন চিত্রনায়িকা মৌ খান। বাকি জীবন দ্বীনের আলোয় কাটানোর পরিকল্পনার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার এই দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের অসীম ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। আপনাদের কারণেই আজকের মৌ খান হয়েছি, এজন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।’ 

 তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই যে, আমি আর অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত। জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (স.)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।’ 

এই নায়িকার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। বাকি কাজগুলো সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পরিচালকদের উদ্দেশ্যে মৌ খান বলেন, ‘যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ—দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে, আমি তা শেষ করে দেব। আমি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না।’ 

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে মৌ খানের। মোহাম্মদ আসলাম পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন—জায়েদ খান, শাহরিয়াজ। গত বছর তাকে নিয়ে মনতাজুর রহমান আকবর নির্মাণ করেন ‘অমানুষ হলো মানুষ’ সিনেমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত