আইফোন চুরি হওয়ায় হতবাক তানহা তাসনিয়া, থানায় জিডি

আপডেট : ১৬ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

তরুণ চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলামের ব্যবহৃত আইফোন চুরির ঘটনা ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ডাবিং চলাকালে চিত্রনায়ক জয় চৌধুরীর গাড়িচালক পরিচয় দিয়ে আসা এক ব্যক্তি কৌশলে তার ফোন নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে জানা যায়, ওই ব্যক্তি ছিলেন ভুয়া পরিচয়ধারী। 

শনিবার (১৬ মে) বিকালে বিষয়টি নিয়ে কথা বলেন তানহা তাসনিয়া। তিনি জানান, পরিচালক গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র অস্তিত্বের লড়াই’য়ের ডাবিং চলছিল এফডিসির সাউন্ড কমপ্লেক্সে। একই ডাবিং সেশনে ছিলেন জয় চৌধুরীও। কাজ শেষ করে জয় বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে নিজেকে তার চালক বলে পরিচয় দেন। 

তানহা তাসনিয়ার ভাষ্য, ‘লোকটা এসে বলল, জয় স্যার শিল্পী সমিতিতে আছেন। যেহেতু সে নিজেকে জয়ের চালক বলেছে, তাই সন্দেহ করিনি। সে ডাবিং রুমেই ছিল। পরে চা আনা হলে ওই লোকটাই আমার হাতে চায়ের কাপ এগিয়ে দেয়। আমি আবার ডাবিংয়ে ব্যস্ত হয়ে যাই। ফোনটা তখন চায়ের কাপের পাশেই রাখা ছিল। ডাবিংরুম তো অন্ধকার থাকে। কিছুক্ষণ পর এসে দেখি ফোন নেই, লোকটাও নেই।’ 

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে তানহা তাসনিয়া লিখেছেন, তার কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্স ফোনটি সন্ধ্যা সাতটা থেকে সোয়া সাতটার মধ্যে চুরি হয়। ফোনটি টেবিলে রাখা ছিল। পরে খুঁজতে গিয়ে আর সেটি পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে এফডিসির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও অভিযুক্ত ব্যক্তির সন্ধান মেলেনি। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এই অভিনেত্রী। জিডি নম্বর ১০৭৭ বলে জানিয়েছেন তিনি। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তও শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত