শিক্ষা উপদেষ্টা

জুলাই আন্দোলনের শহীদ স্কাউটরা নতুন দেশ গড়ার প্রেরণা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, দেশের প্রতিটি সংকট ও রূপান্তরের মুহূর্তে স্কাউটরা তাদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও সাহসিকতার মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। জুলাই আন্দোলনে শহীদ হওয়া ১১ স্কাউটের আত্মত্যাগ জাতিকে নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা দিচ্ছে।

শনিবার (৬  ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবরার বলেন, স্কাউটিং কেবল ব্যাজ অর্জনের বিষয় নয়, এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজসেবার অনন্য প্রশিক্ষণ। দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্যোগে স্কাউট সদস্যরা মানুষের পাশে দাঁড়ায়। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক গড়তে স্কাউটিংয়ের বিস্তার আরও বাড়াতে হবে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ স্কাউটদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা। বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এটি আমাদের জন্য গৌরবের। স্কাউটিংয়ে নারীদের অংশগ্রহণে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি স্কাউট সদস্যদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর নেতৃত্ব। সততা, সাহস ও মানবিকতা দিয়ে নিজেদের গড়ে তোলাই দেশের প্রত্যাশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলার স্কাউটদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত