মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত নারী (৩৫) ও পুরুষের (৩৬) মরদেহ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ ও নৌ পুলিশ।
সকাল ১২টা ১০ মিনিটে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় সিটি গ্রুপের পাশে মেঘনা নদীর তীরে নারীটির মরদেহ এবং দুপুর ১টা ৩০ মিনিটে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দী সংলগ্ন কাজলী নদী থেকে পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডুবারচর গ্রামের জেলে আলী হোসেন জানান, দেখে মনে হয়েছে মরদেহটা নদীতে ভাসতে ভাসতে এখানে এসে আটকে পড়েছে।
স্থানীয় বাউশিয়া ইউনিয়ন এর দাসকান্দী গ্রামের সোহাগ বলেন, সকাল থেকেই দেখতে পাচ্ছি কাজলী নদীর বক্তারকান্দী অংশে এক মরদেহ ভাসছে, ভাটার সময় যা তীরে আটকা পড়েছে।
এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ এর অফিসার ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ডুবুরচর সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছি। পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ উদ্ধার এর সততা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, ঘটনাস্থলে নৌ পুলিশ এর পাশাপাশি থানা পুলিশও রয়েছে। আমরা পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে তারা পথে রয়েছে।
