আমিরুলের আবার হ্যাটট্রিক, এবার কোরিয়াকে হারালো বাংলাদেশ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

পুল পর্বে আমিরুল ইসলামের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। শনিবার স্থান নির্ধারণী ম্যাচে সেই কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের তরুণ। তবে এবার তার হ্যাটট্রিকে বাংলাদেশ জুনিয়র হকি বিশ্বকাপে পেয়েছে টানা দ্বিতীয় জয়। এ নিয়ে পাঁচ ম্যাচে চতুর্থ হ্যাটট্রিক করলেন আমিরুল। ১৫ গোলে এখনও তিনি আছেন গোলদাতাদের শীর্ষে। এ জয়ে ২৪ দলের বিশ্বকাপে ১৭তম হয়ে অভিযান শেষ করার দ্বাড়প্রান্তে পৌঁছে গেছে সিগফ্রাইড আইকম্যানের শীষ্যরা। সোমবার অস্ট্রিয়াকে হারালেই অভিষেক আসরটা বাংলাদেশের যুবারা শেষ করবে স্বপ্নের মতো।

হয়তো এই পারফরম্যান্সে আক্ষেপও বাড়বে। হকির যে কোন পর্যায়ের বিশ্বকাপে প্রথমবার খেলতে গিয়েই গোটা দুনিয়াকে চমকে দিয়েছে বাংলাদেশ। পুল পর্বে অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো পরাশক্তিদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে হেরে যায় তারা। কোরিয়ার সঙ্গে আমিরুলের ম্যাজিকে ম্যাচ হয় ড্র। এরপর শুরু স্থান নির্ধারণী ম্যাচ। প্রথমেই তারা ওমানকে হারায় ১৩-০ বিশাল ব্যবধানে। আর শনিবার ভারতের মাদুরাইয়ে কোরিয়াকে হারিয়ে দেয় ৫-৩ গোলে।

ওমানের বিপক্ষে তিনদিন আগে বড় জয়ে আমিরুল করেছিলেন পাঁচ গোল। আর শনিবার তিনি দলের প্রথম তিন গোল করেন। প্রথমটি পেনাল্টি স্ট্রোক থেকে, পরের দুটি পেনালি্ট কর্নঅর থেকে। যদিও শুরুটা বাংলাদেশের ছিল সাদামাটা। দশম মিনিটে গোল হজম করে তারা। দ্বিতীয় কোয়ার্টারের ২০ মিনিটে কোরিয়া দ্বিতীয় গোল করলে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে চাপ সামলে ধীরে ধীরে ঘুড়ে দাঁড়ায় তারা। ২১ থেকে ২৪- এই তিন মিনিটে দুটি পেনাল্টি কর্নারকে গোলে পরিণত করে বাংলাদেশকে সমতায় ফেরান আমিরুল। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে লিড এনে দেওয়ার পাশাপাশি চতুর্থ হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ম্যাচের ৫২ মিনিটে ওবায়দুলের ফিল্ড গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। একটু পরেই স্কোরলাইন ৪-৩ করে ম্যাচ জমিয়ে তোলে দক্ষিণ কোরিয়া। তবে শেষ দিকে রাকিবুলের লক্ষ্যভেদে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত