সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনিত প্রার্থী এম আকবর আলীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া উপজেলার পৌর সদরের বাজার উল্লাপাড়া থানামোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
"অথর্ব বুড়ো নেতা মানি না, মানাব না" স্লোগান দিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এম আকবর আলীর মনোনয়ন বাতিলের দাবিতে তারা এ বিক্ষোভ করেন।
এর আগে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদের বাড়িতে এম আকবর আলীর মনোনয়ন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোন্তাজ আলী, সিরাজগঞ্জ জেলা যুবদলের সদস্য আকরাম হোসেন, পৌর যুবদলের সদস্যসচিব মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ সবুজ প্রমুখ।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ৯৭ বছর বয়সী এম আকবর আলী বয়সের ভারে ন্যুব্জ। এ ছাড়া গত ১৭ বছরে তিনি একদিনের জন্যও নেতাকর্মীদের কাছে আসেননি। একটি মামলাও তার নামে নেই। বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর পলাতক হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের ক্যাডার জাহিদকে সঙ্গে করে ইস্তেহার পাঠ করায় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা চরম ব্যথিত। এ ছাড়া তার যে বয়স এই বয়সে নির্বাচন কারার জন্য এত ভোটারের কাছে যাওয়া সম্ভব নয়। উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর হ্যাভিওয়েট প্রার্থী মওলানা রফিকুল ইসলাম খানের সঙ্গে পাল্লা দিয়ে জেতার মতো অবস্থা এম আকবর আলীর নেই উল্লেখ করে তার মনোনয়ন বাতিলের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উল্লাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
