আগামী বুধবার (১০ ডিসেম্বর) চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আনিসুর রহমান বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তফসিল উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বেতার ও টেলিভিশনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। তবে সিইসির এই রেকর্ডকৃত বক্তব্য বুধবারই প্রচার হবে কী-না, সেটি তিনি বলতে রাজি হননি।
জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রেওয়াজ অনুযায়ী যেদিনই বক্তব্য রেকর্ড হয় সেদিনই সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে ডেকেছিল নির্বাচন কমিশন। ওই নির্বাচনের তফসিল সরাসরি সম্প্রচার করেছিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে যে, আগামী বুধবারই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল ১১ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
