নকলায় রাস্তা মেরামত কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

শেরপুরের নকলা পৌরসভার তাতরা কান্দা গ্রামের একমাত্র সড়কের নাজেহাল দশা থেকে মুক্তি দিতে পন্ডিতবাড়ী জামে মসজিদ পর্যন্ত ৫৪৬ মিটার রাস্তা মেরামতে সরকারের ব্যায় ধরা হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা।

কাজটি উপজেলা প্রকৌশলী ও পৌর প্রকৌশলীর অধীনে হওয়ার কথা থাকলেও একক ক্ষমতাবলে কাজটির সম্পূর্ণ তদারকি করছে পৌরসভা। ফলে নানা অনিয়মের অভিযোগ এলাকাবাসীর। সড়কটির মেরামত কাজে অনিয়মের মধ্যে প্রিকেট খোয়ার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নাম্বার ইটের খোয়া।

এমন তথ্যের ভিত্তিতে সোমবার (৮ ডিসেম্বর) বিকালে ঘটনাস্থলে গিয়ে খোয়ার মান নিয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, এটা প্রকল্পের কাজ। এর সম্পূর্ণ তদারকি পৌরসভার। 

বিষয়টি নিয়ে নকলা পৌরসভার সাব প্রকৌশলী ফখরুদ্দিনের সঙ্গে কথা হলে তিনি নানান যুক্তি তুলে ধরেন। দীর্ঘদিন ধরে সড়কে খোয়া বিছিয়ে রাখায় সাধারণ মানুষের চলাচলের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে বলেন ৩/৪ দিনের মধ্যে রোলিং করার ব্যবস্থা হবে বলে জানান পৌর প্রকৌশলী। পৌরসভায় বড় রোলার মেশিন না থাকায় প্রকল্পে চিঠি লেখা হয়েছে।  তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন তথ্য দিতে নারাজ পৌর প্রকৌশলী।

প্রায় ৫০ লক্ষ টাকার কাজে এত বড় অনিয়মের বিষয়ে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, এই অনিয়মের কারণে কাজ বন্ধ করা হয়েছে। যেহেতু বড় প্রকল্পের কাজ, কাজের সঠিক গুনগত মান বজায় রেখে তা সম্পূর্ণ করা হবে। প্রয়োজনে কনসালটেন্ট আসবে। কাজের মান নিয়ে কোন আপোষ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত