'নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি' প্রতিপাদ্যে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও ছয় অদম্য নারীকে সম্মাননা জানানো হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার, নারীশিক্ষার প্রসার ও সমাজে নারীর অবস্থান শক্তিশালী করতে বেগম রোকেয়ার পথপ্রদর্শক ভূমিকার কথা স্মরণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মুন্সি ফিরোজা সুলতানা এবং জেলা মহিলা সংস্থার কর্মকর্তা হাবিবুর রহমান।
অনুষ্ঠানে 'অদম্য নারী' সম্মাননায় ভূষিত হন— ফারজানা ববি বিশ্বাস (অর্থনীতি),রুপালী খাতুন (শিক্ষা ও চাকরি),লতিফা বেগম (সফল জননী),শারমিন সুলতানা (জীবনসংগ্রামে জয়ী),ফেরদৌসী বেগম (সমাজ উন্নয়ন),রেহেনা খাতুন (সামাজিক দৃষ্টান্ত স্থাপনকারী)
আলোচনা সভা শেষে নির্বাচিত নারীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। নারী ও কন্যার প্রতি সহিংসতা রোধে পরিবার-সমাজ সকলকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
