ধর্ম উপদেষ্টা

হজ ব্যবস্থাপনায় দুর্নীতি করলে তাকে আইনের আওতায় নিয়ে আসব

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজটাকে এবাদত হিসেবে গ্রহণ করেছি। এখানে কেউ দুর্নীতি করলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। ধর্ম ব্যবস্থাপনাকে সহজিকরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কোন সিন্ডিকেট কাজ করতে পারবে না। 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

প্রকল্পের প্রকল্প পরিচালক শহিদুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার এম এ ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, নাটোর সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিনসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

উপদেষ্টা আরো বলেন, আমরা সবাই সচেতনতার সঙ্গে কাজ করে যাচ্ছি ফলে কোন সিন্ডিকেট তৈরি করে হাজীদেরকে জিম্মি করতে পারছে না। গত বছর আমরা ৮ কোটি টাকা হাজিদেরকে ফেরত দিয়েছি। এবারও পারবো ইনশাল্লাহ।  

নাটোরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং নাটোর সদর ও গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৪ তলা বিশিষ্ট নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি ৫৫ লাখ টাকা, ৩ তলা বিশিষ্ট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে নাটোর সদর উপজেলার জন্য ব্যয় হয়েছে প্রায় ১৪ কোটি ৪০ লাখ টাকা এবং গুরুদাসপুর উপজেলার জন্য ব্যয় হয়েছে ১৪ কোটি ৮২ লাখ টাকা। এসব মডেল মসজিদে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক নামাজের জায়গা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নামাজের জায়গা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা, বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, কনফারেন্স রুম, গেস্ট রুম, ইমাম মুয়াজ্জিন ও খাদেমের জন্য আবাসিক ব্যবস্থা পার্কিং প্লেস ইত্যাদি সুযোগ সুবিধা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত