ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি।
শুক্রবার (১২ ডিসেম্বর) তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, ওসমান হাদি রিকশাযোগে যাচ্ছিলেন। এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তার দিকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর তার রক্তক্ষরণ শুরু হলে একই রিকশায় করে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিনি আরও উল্লেখ করেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি।
