গুলিবিদ্ধ হওয়ার আগেই হত্যার হুমকি পেয়েছিলেন হাদি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর বিজয়নগরে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। গত নভেম্বরে তিনি হত্যার হুমকি পাওয়ার কথা ফেসবুকে জানিয়েছিলেন।

শুক্রবার বেলা ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী হামলাকারীরা তাকে গুলি করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। আহত হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন, ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে।

হামলার সময় হাদির সঙ্গে থাকা এক সহযোদ্ধার বরাতে জানা যায়, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিতরণ কর্মসূচি ছিল। কর্মসূচি শেষে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হওয়ার কথা ছিল। এর মধ্যেই হামলার ঘটনা ঘটে।

গত ১৩ নভেম্বর গভীর রাতে ফেসবুক পোস্টে হাদি হত্যার হুমকির কথা উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। তারা আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে, আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

একই পোস্টে তিনি আরও লিখেছিলেন, ১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়বো না, ইনশাআল্লাহ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাদির প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার জরুরি ‘বি নেগেটিভ’ গ্রুপের রক্ত প্রয়োজন। তার সতীর্থরা ঢাকা মেডিকেলে রক্ত সংগ্রহের চেষ্টা করছেন।

হামলার কিছুক্ষণ আগে, শুক্রবার বেলা ১১টা ৫২ মিনিটে হাদি ফেসবুকে শেষ পোস্টে লিখেছিলেন, যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, আমি শুনেছি উনি গুলিবিদ্ধ হয়েছেন। হামলার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত