নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটবল খেলার ফাইনাল খেলায় গোল নিয়ে বিতর্ককে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার বিকালে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় রূপসী স্পোটিং ক্লাব ও রূপসী জুনিয়র স্পোটিং ক্লাব অংশগ্রহণ করে।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক ওসমান, তারাব পৌর যুবলীগের আহবায়ক আফজাল কবিরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। খেলা চলাকালীন একটি গোল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এসময় দুই দলের সমর্থকদের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় মনিরসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। পরে বিএনপির নেতাকর্মী ও পুলিশ মিলে দুই দলের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন বলেন, খেলা দুই দলের সমর্থকদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
