আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীকে পেটাল বিএনপিপন্থী আইনজীবীরা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম

নারায়ণগঞ্জ আদালতে আবারও বিএনপিপন্থী আইনজীবীদের দ্বারা মারধরের শিকার হয়েছেন এক বিচারপ্রার্থী। রবিবার (১৪ ডিসেম্বর) নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার রাসেল হোসেন সিঙ্গাপুর প্রবাসী। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার রাজনগর এলাকার ওয়াব আলী ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কি হয়েছে জানি না, হঠাৎ শুনতে পেলাম ওই ব্যক্তি ইংরেজিতে আইনজীবীদের গালাগাল দিচ্ছে। এমন সময় জেলা আইনজীবীর সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবিরের নেতৃত্বে কয়েকজন আইনজীবী এসে তাকে প্রথম দফায় মারধর করে। এরপর আবারও একজন তাকে বেদম মারধর করে।

আইনজীবীরা জানান, ওই ব্যক্তির মাথায় সমস্যা আছে।

এদিকে রাসেল হোসেন জানান, তিনি একজন সিঙ্গাপুর প্রবাসী। তার স্ত্রী তার সাথে প্রতারণা করেছে। এ ব্যাপারে তিনি একটি মামলা করেছিলেন, ওই মামলার খবর পেয়ে তার স্ত্রী তাকে আসামি করে পাল্টা নির্যাতনের মামলা করেছেন। কিন্তু পুলিশ রাসেলের মামলার কোন কার্যকরী পদক্ষেপ না দিয়ে তার স্ত্রীর মামলায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, নারীরা নির্যাতনের ভূয়া মামলা দিলেও ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু পুরুষ নির্যাতিত হলে মামলার কোন পদক্ষেপ নেওয়া হয় না। এমন আইনের পরিবর্তন দরকার। নারী পুরুষ যদি সমান অধিকার হয়, সমান অধিকার চাইবে তো আইনের বেলায় কেন সমান হবে না।

তাকে মারধরের ঘটনায় তিনি বলেন, তার পক্ষের আইনজীবী হলেন অ্যাডভোকেট হিরু, এবং তার স্ত্রীর পক্ষের আইনজীবী হলে অ্যাডভোকেট মাসুম। আজকে তার কাছে টাকা চাওয়া হলে তিনি টাকা দিতে অসম্মতি জানান। পরে অ্যাডভোকেট মাসুমের নেতৃত্বে অন্যান্য আইনজীবীরা তাকে মারধর করে।

তিনি বলেন, আমি একজন প্রবাসী। আমি এই দেশের নাগরিক। আমাকে আজকে এই আইনের ঘরে মারধর করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির এর বক্তব্য জানতে তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, বিচারপ্রার্থী ওই রাসেল হোসেনকে মারধরের সময়, নারায়ণগঞ্জ আদালতের এপিপি ও বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুম, অ্যাডভোকেট রোকনুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির সহ বিএনপিপন্থী অনেক আইনজীবীকে দেখা গেছে।

এর আগে গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জে জেলা জজ আদালত প্রাঙ্গণে শিশুপুত্রের সামনে ব্যবসায়ী ইরফান মিয়া নামে এক বিচারপ্রার্থীকে বেদম মারধর করে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেনের অনুগামী কয়েকজন আইনজীবী ও তার মুহুরী। ইরফান মিয়াকে বাঁচাতে এসে তার পরিবারের আরও তিন সদস্য আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত