আইনজীবী মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধায় আজ অর্ধবেলা বসবে না সুপ্রিম কোর্ট

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১১ এএম

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আজ সোমবার (১৫ ডিসেম্বর) দেশের সর্বোচ্চ আদালতের আপিল ও হাইকোর্ট বিভাগ অর্ধবেলা বসবে না। এ সময় আপিল বিভাগের চেম্বার আদালতও বন্ধ থাকবে।

সকালে সাত বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ আপিল বিভাগের প্রথমার্ধের পর আর আদালত বসবে না। এছাড়া হাইকোর্ট বিভাগ লাঞ্চের পর দ্বিতীয়ার্ধে বসবে না। আপিল বিভাগের চেম্বার আদালতও আজ বন্ধ থাকবে।

এ এফ এম মেজবাহ উদ্দিন গত রবিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। তার জানাজা আজ (১৫ ডিসেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে।

এ এফ এম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে পেশা শুরু করেন। পরবর্তীকালে ২০০০ সালের ২৮ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছরের বিচারপতির দায়িত্ব শেষে তিনি পুনরায় আইন পেশায় ফিরে আসেন। এছাড়া ২০০৯-২০১০ সেশনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত