২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সংঘঠিত হত্যাকাণ্ডের তদন্তে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলমকে বরখাস্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ হয়ে গেছে।
রিটকারী শুনানিতে না আসায় গতকাল সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আবেদনটি খারিজের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ দেশ রূপান্তরকে বলেন, ‘আইনজীবী রিট আবেদন করলেও তিনি শুনানিতে আসেননি। ফলে আদালত আবেদনটি খারিজের আদেশ দিয়েছেন।’
গত বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ রিট আবেদনটি করেন। এর আগে গত ৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে চিঠি দেন এই আইনজীবী।
এতে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বাহারুল আলমের নাম আসায় তাকে বরখাস্ত এবং ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে তাৎক্ষনিক হস্তক্ষেপ করতে অনুরোধ জানানো হয়।
আইনজীবী বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার নাম এমন একটি রাষ্ট্রদ্রোহী ও ব্যাপক হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখ হওয়া, ঘটনাটিকে অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর করে তুলেছে।
এই ঘটনায় যেকোনো অভিযোগ, সংশ্লিষ্টতা, গাফিলতি বা দায়িত্বে ব্যর্থতার বিষয়ে পদে বহাল অবস্থায় থাকা ব্যক্তির অপরাধের বিচারের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জনবিশ্বাসের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
