গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, দেশেই হাদির চিকিৎসা সম্ভব ছিল। তবে অপারেশন থিয়েটারে (ওটি) ইনফেকশনের হার দেশে বেশি হওয়ায় তাকে বাইরে পাঠানো হয়েছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আহত ওসমান হাদির স্বাস্থ্য বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নিউরো সার্জন ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আবদুল আহাদ।
তিনি বলেন, এখনো জিসিএস-৩ লেভেলেই আছে। তবে চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার মতো পরিস্থিতি ছিলো। হাদির সবশেষ ব্লাড প্রেশার ছিলো ১০০/৬০।
ডা. আবদুল আহাদ বলেন, হাদির চিকিৎসা দেশেই হতে পারতো। তবে দেশে অপারেশন থিয়েটারে ইনফেকশনের হার বেশি হওয়ায় বিদেশে নেয়া হলো। বাংলাদেশ থেকে কোনো চিকিৎসক সঙ্গে যায়নি। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকই সঙ্গে যাচ্ছেন।
ওসমান হাদির বর্তমান অবস্থা জানিয়ে এ নিউরোসার্জন বলেন, হাদির ব্রেইনে অক্সিজেন স্বল্পতা যা ছিলো গতরাতে, এখনো তাই আছে। আর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার সময় হাদি যেমন ছিলো তার থেকে ভালো কিংবা খারাপ কোনো অবস্থায় পরিবর্তন হয়নি। অবস্থা ক্রিটিকালই বলবো।
তিনি বলেন, নতুন করে কোনো সিটিস্ক্যান করা হয়নি। তবে মেডিকেল বোর্ড সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে, হাদির শারীরিক অবস্থা অনুযায়ী রেফার করতে (দেশের বাইরে নিতে) বাধা নেই। এজন্য সিঙ্গাপুর থেকে যে টিম এসেছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, দুপুর ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে হাদিকে বিমানবন্দরে নেয়া হয়। দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন করে। সিঙ্গাপুর পৌঁছাতে আনুমানিক ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে। এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হবে। ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার দীর্ঘ এ সফরে সম্মত হয়েছে।
গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
