বাঁশখালীতে ৩টি অস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি টেম্পুসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বাঁশখালী থানা এলাকায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে প্রধান সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সকাল আনুমানিক আটটা কুড়ি মিনিটে বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় মনোয়ারের দোকানের সামনে বাঁশখালী-চট্টগ্রামগামী পাকা সড়কে একটি সন্দেহজনক টেম্পু গাড়ি (চট্ট-মেট্রো-ফ-১১-০২২৬) থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে টেম্পু গাড়ির ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত টেম্পুসহ গ্রেফতার করা হয়- নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর এলাকার সেলিম মাঝির বাড়ির মোহাম্মদ সেলিমের পুত্র খুরশিদ আলম (৪২) এবং চট্টগ্রামের ভূজপুর জঙ্গল কাইয়া পুখিয়া এলাকার জহিরুল ইসলামের পুত্র মোহাম্মদ হাসান ওরফে আকাশ (২৭)।

পরে গ্রেফতারকৃতদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় অপারেশন ডেভিল হান্ট ফেজ- ২ এর আওতায় অপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সময় অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত