আমিরুলদের হাতে বোনাসের ৬৫ লাখ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম

ভারতে সদ্য সমাপ্তি জুনিয়র হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জিতে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ২৪ দলের আসরে ১৭তম হওয়ায় বিশ্ব হকি সংস্থা এই বিশেষ শিরোপা দিয়েছে বাংলাদেশকে। ইতিহাসে প্রথমবারের মতো হকির বৈশ্বিক আসরে অংশ নিয়েই চমকে দেওয়ার পারফরম্যান্স দেখিয়েছেন আমিরুল ইসলামরা।

এমন অর্জনের স্বীকৃতি স্বরূপ সোমবার তাদের আকর্ষনীয় বোনাস দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন ও বাংলাদেশ বিমান বাহিনী। সব মিলিয়ে ৬৫ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছে হকি দল। এর মধ্যে ৬ ম্যাচে ৫ হ্যাটট্রিকসহ ১৮ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া আমিরুলকে আলাদাভাবে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা।

বাংলাদেশ বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাঁটির শাহিন দ্বীপে দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বকাপের অংশ নেওয়া দলকে বরণ করে নেয় ফেডারেশন। সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

৬৫ লাখ টাকা মধ্যে হকি ফেডারেশন নিজস্ব তহবিল থেকে ৪০ লাখ টাকা ও বিমানবাহিনী প্রধান দিয়েছেন ২০ লাখ টাকা। এর মধ্যে আমিরুল ইসলাম ছাড়া বাকি সবাই পেয়েছেন ৩ লাখ টাকা করে। জুনিয়র বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোল করা আমিরুলকে অবশ্য বোনাসের অংশ দেওয়া হচ্ছে না। তাকে আলাদা করে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা।

বিশ্বকাপের দল ছাড়াও অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জ জয়ী নারী দলকে। বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে তাদের দেওয়া হয় ১০ লাখ টাকা। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এক লাখ টাকা করে বোনাস দেওয়া হয়েছিল।

ফেডারেশনের সভাপতি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছেন, 'বিশ্বকাপে যাওয়ার আগে আমি সবাইকে বলেছিলাম মাঠে লড়াকু মানসিকতা দেখতে চাই। বলেছিলাম নির্ভয়ে মাথা উঁচু করে খেলতে। তোমাদের এজন্য ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ সবাই আমার উপদেশ মেনে লড়াইকু মনোভাব নিয়ে দলগত নৈপূণ্য প্রদর্শণ করেছো এ্ং দেশের জন্য বয়ে এনেছো একটা বিরল সম্মান। তোমার যা অর্জন করেছে তা একটা শুরুর বার্তা মাত্র। এখান থেকে অনেক এগিয়ে যেতে হবে। তোমাদের এ অর্জন যেন আগামী দিনের মূল্য বিশ্বকাপে বাংলাদেশের যোগ্যতা অর্জনের অনুপ্রেরণা জোগায়। তোমাদের এখন থেকে ২০২৬ এশিয়ান গেমস ও পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে হবে। আমি নিশ্চয়তা দিচ্চি, দেশের হকির উন্নয়নে আমরা আগের চেয়ে আরো বেশি বিস্তৃত ও বাস্তবভিত্তিক পরিকল্পনা ও সমর্থন দিয়ে কাজ করবো।'

সংবর্ধনা পেয়ে আমিরুল বলেছেন, 'এই সংবর্ধনার পাওয়ায় আমাদের দায়িত্ব আরো বেড়ে গেলো। অন্যান্য খেলায় সাফল্য ফেলে সরকার থেকে অনেক পুরস্কার দেওয়া হয়। আমােদের বিষয়গুলোও যদি দেখা হয় তাহলে ভবিষ্যতের জন্য আরো ভালো হবে। পাশাপাশি আমাদের জন্য দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয় তাহলে আগামীতে আমরা আরো ভালো করতে পারবো।'

ফেডারেশনের কাছ থেকে বোনাস পাওয়ার পর এখন আমিরুলরা চাইছেন নিজেদের সমস্যার কথাগুলো নয়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কাছে তুলে ধরতে।

বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে ৫-৩ গোলে অস্ট্রেলিয়ার কাছে, ৩-২ গোলে ফ্রান্সের কাছে হারে। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। স্থান নির্ধারণী তিন ম্যাচে বাংলাদেশ ১৩-০ গোলে ওমানকে, ৫-৩ গোলে দক্ষিণ কোরিয়াকে ও ৫-৪ গোলে অস্ট্রিয়াকে পরাজিত করে নিশ্চিত করে চ্যালেঞ্জার ট্রফি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত