শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লা থেকে আটক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ এএম

কুমিল্লা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন (বীথি)কে আটক করেছে। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে নগরের জেলখানা মোড় এলাকা থেকে তাকে ধরা হয়। পরে রাতেই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব-১১, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানিয়েছেন, ‘শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে আমরা নগরের জেলখানা সড়কে অভিযান পরিচালনা করি। অভিযানকালে তাকে আটক করা হয় এবং পরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, খাদিজা ইয়াসমিনের বিরুদ্ধে অপরাধ চক্রের সঙ্গে আর্থিক লেনদেন এবং পলাতক সহযোগীদের সহায়তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তিনি বাবার সঙ্গে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দেখা করার জন্য শহরে এসেছিলেন বলে জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। গত ৫ ডিসেম্বর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২৭ মে কুষ্টিয়া থেকে যৌথ বাহিনী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছিল। এরপর তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে রাজধানীতে আরও সহযোগী শুটার আরাফাত ও শরীফকে আটক করা হয়েছিল। এই ঘটনায় খাদিজা ইয়াসমিনের সম্পৃক্ততা বিষয়ে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত