দেশে ফেরার আগে লন্ডনে শেষ কর্মসূচিতে তারেক রহমান

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে এদিন বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান। দেশে ফেরার আগে এটাই লন্ডনে তার শেষ কর্মসূচি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি।

লন্ডনের স্থানীয় নেতারা জানিয়েছেন, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাজ্যে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তারেক রহমান। সময় স্বল্পতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের এই শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠান সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতিও।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে যাওয়ার পথে নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন।

২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। পরবর্তীতে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত