মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদী বলেছেন, হাদীর ওপর হামলাকারীরা ভারতীয় আধিপত্যবাদী শক্তি ও তাদের এজেন্ট আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস- ২০২৫ উপলক্ষে পিরোজপুরে জামায়াতে ইসলামীর আয়োজিত বিজয় র্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
মাসুদ সাইদী বলেন, ‘ওসমান হাদি এ দেশের একজন সূর্য সন্তান। তার ওপর হামলা মানে সকল দেশপ্রেমিক মানুষের ওপর হামলা।’ তিনি হাদীর দ্রুত সুস্থতা কামনা করে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি বলেন, গত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা শুধু মুখেই স্বাধীনতার কথা বলেছে, বাস্তবে তারা ছিল দুর্নীতিবাজ। জামায়াতে ইসলামী শুধু মুখে নয়, অন্তরেও স্বাধীনতার চেতনা ধারণ করে।
সকাল ১১টায় মাসুদ সাইদীর নেতৃত্বে র্যালিটি পিরোজপুর শহরের সিও অফিস এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমীর মো. ইসাহাক আলী খান, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ইমরান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ কিংবা লুটপাটের কোনো মামলা নেই। এ কারণেই দেশের জনগণ জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় বলে তিনি মন্তব্য করেন।
