বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে ইইউ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আনুষ্ঠানিকভাবে একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে। 

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক কার্যক্রমবিষয়ক শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে।

ইইএএস জানায়, বাংলাদেশি কর্তৃপক্ষের পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কাজা কালাস ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। এই মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসকে।

নিয়োগের প্রতিক্রিয়ায় ইভারস ইজাবস বলেন, ‘বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এই মিশন নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাধীন ও পক্ষপাতহীন মূল্যায়ন করবে।’

তিনি আরও বলেন, ‘এই মিশন বাংলাদেশের জনগণ এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি তাদের আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব দৃষ্টান্ত হবে।’

ইইউর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মাধ্যমে ভোটগ্রহণের প্রস্তুতি, নির্বাচনকালীন পরিবেশ এবং পরবর্তী প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। এ উদ্যোগকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার একটি অংশ হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত