নেদারল্যান্ড যাচ্ছে ‘রইদ’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম

দীর্ঘদিন ধরে টিভি নাটক বানিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন মেজবাউর রহমান সুমন। তার প্রথম সিনেমা ‘হাওয়া’ পেয়েছিল অভাবনীয় সাফল্য। দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘রইদ’ নিয়েও আশাবাদী এই নির্মাতা। নির্মাণ শেষে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে প্রস্তুত তার ‘রইদ’। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ছবির নেপথ্য ভাবনা ও দর্শন নিয়ে কথা বলেন পরিচালক মেজবাউর রহমান সুমন। অবমুক্ত করা হলো চলচ্চিত্রটির ট্রেলার। 

অনুষ্ঠানে জানানো হয়, নেদারল্যান্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হয়েছে ‘রইদ’। বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের এই বিভাগে নির্বাচিত হওয়ার ঘটনা এটিই প্রথম। ক্রিস্টোফার নোলান ও বং জুন-হোর মতো বিশ্বখ্যাত নির্মাতারা তাদের ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমা নিয়ে হাজির হয়েছিলেন এই উৎসবে। 

রইদ প্রযোজনা করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ, সহপ্রযোজক ফেসকার্ড প্রোডাকশন। অনুষ্ঠানে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, ‘চলচ্চিত্র শিল্পের সবচেয়ে ক্ষয়িষ্ণু অবস্থায় যে স্বল্প সংখ্যক নির্মাতা আমাদের আশার আলো দেখিয়েছেন, মেজবাউর রহমান সুমন তাদের অন্যতম। রইদের এমন খবরে প্রযোজনা সংস্থা হিসেবে বঙ্গ’ও বেশ আনন্দিত এবং গর্বিত। 

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। আজকের আয়োজনে উপস্থিত ছিলেন রইদের শিল্পী ও কলাকুশলীদের অনেকে। ছিল বাউল গানের আসরও। যৌথভাবে রইদের গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। সেটিকে চিত্রনাট্যে রূপ দিয়েছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রইদ’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত