জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলের অবৈধ বসতি ও বসতি জনিত সহিংসতা নিন্দা করতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতিসংঘের সভায় করা এ মন্তব্যে ফ্রান্স, চীন, রাশিয়া, পাকিস্তান, ডেনমার্ক, আলজেরিয়া, স্লোভেনিয়া ও গায়ানা সহ বেশিরভাগ সদস্য রাষ্ট্রের সঙ্গে মার্কিন অবস্থান ভিন্ন হয়। এছাড়া মার্কিন প্রতিনিধি ইসরায়েলের অবৈধ বসতি নিয়ে রেজোলিউশন ২৩৩৪ সংক্রান্ত সংক্ষিপ্ত ব্রিফিংয়ের বিরোধিতাও করেছেন।
যুক্তরাষ্ট্রের দূত জেনিফার লোকেটা জাতিসংঘের প্যালেস্টাইন শরণার্থী সংস্থাকে হামাসের সঙ্গে সম্পর্কিত থাকার অভিযোগ তুলেছেন এবং বলেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য ২৮০৩ নং রেজোলিউশন অনুসরণ করা উচিত, যা অক্টোবরের গাজা শান্তি পরিকল্পনাকে সমর্থন করে। পুরনো নীতিমালা পুনরায় আলোচনার চেয়ে এই পরিকল্পনা অনুসরণ করা প্রয়োজন বেশি বলে তিনি মন্তব্য করেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন যে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা এবং গাজা ও পশ্চিম তীরের স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
অন্য সদস্য দেশগুলো ইসরায়েলের বসতি সম্প্রসারণ ও সহিংসতার তীব্রভাবে নিন্দা করেছেন। ফ্রান্স, চীন, রাশিয়া, পাকিস্তান, ডেনমার্ক, আলজেরিয়া, স্লোভেনিয়া ও গায়ানা অবৈধ বসতি বন্ধ, ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তারা দ্বি-রাষ্ট্র সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেছেন।
