বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

ওমান উপসাগরে চোরাচালানকৃত বিপুল পরিমাণ ডিজেল বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। ইরানি গণমাধ্যমের তথ্যমতে, জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট ১৮ জন নাবিক অবস্থান করছিলেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, হরমোজগান প্রদেশসংলগ্ন জলসীমায় জাহাজটি আটক করা হয়। অভিযান কালে জাহাজটির সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ইরানি কর্তৃপক্ষের দাবি, জাহাজটিতে প্রায় ৬০ লাখ লিটার অবৈধভাবে পরিবহন করা ডিজেল ছিল। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচার রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, ইরানে জ্বালানির দাম তুলনামূলক কম হওয়ায় প্রতিবেশী দেশগুলোতে অবৈধভাবে তেল পাচার দীর্ঘদিন ধরেই একটি লাভজনক ব্যবসা হিসেবে বিবেচিত হচ্ছে। এ কারণে মাঝেমধ্যেই পাচারের অভিযোগে জাহাজ আটক করার ঘোষণা দিয়ে থাকে তেহরান।

এর আগের মাসেও গালফ অঞ্চলে অনুরূপ অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান। সে সময় দেশটি স্পষ্ট করে জানায়, এমন পদক্ষেপ কোনও রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক নয়।

সর্বশেষ এই জব্দের ঘটনা এমন সময়ে ঘটল, যখন এর দুদিন আগে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ আটক করে। 

ওয়াশিংটনের দাবি ছিল, ওই জাহাজটি ইরান ও ভেনিজুয়েলা থেকে তেল পরিবহনে জড়িত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত