নারায়ণগঞ্জের আড়াইহাজারের শ্রীনিবাসদী এলাকা থেকে উদ্ধারকৃত মস্তকবিহীন লাশের পরিচয় মিলেছে। তিনি রাজবাড়ীর পাংশার চরদুর্লভদিয়া এলাকার ওয়াজেদ খানের পুত্র হালিম খান (২৫)। তিনি ১৫ ডিসেম্বর বাড়ি থেকে চাকরির খোঁজে বের হয়েছিলেন বলে তার দুঃসম্পর্কের চাচা আ. রাজ্জাক জানান।
এর আগে ১৬ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকায় রাস্তার পাশে চক থেকে হালিমের মস্তকবিহীন ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। এরপর থেকে তার পরিচয় সনাক্ত করার জন্য পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা চেষ্টা করতে থাকে। অবশেষে নিহতের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে তার পরিচয় সনাক্ত করতে সক্ষম হয় আইনশৃংখলা বাহিনী।
আড়াইহাজার থানায় আসা আ. রাজ্জাক জানান, নিহত হালিম এক বছর আগে কাতার থেকে দেশে আসার পর থেকে বেকার ছিল। ১৫ ডিসেম্বর একটি চাকরির খোঁজে বাড়ি থেকে বের হলে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির মাথা নেই এবং পেটের নাড়িভুঁড়ি বের করা অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনও কাপড় ছিল না। আশপাশে মাথার কোনও সন্ধানও পাওয়া যায়নি। লাশের শাহাদাত ও তর্জনী আঙ্গুল বিচ্ছিন্ন ছিল।
তিনি আরও জানান, কে বা কারা নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে লাশটি ফেলে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রেকর্ড মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন
কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত