গাজীপুরের কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরির চেষ্টায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গত বুধবার রাতে কোনো এক সময় বিদ্যুতের খুঁটিতে থাকা ট্রান্সফরমার চুরির চেষ্টা করে চোরচক্র। তারা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির কালিয়াকৈর জোনাল অফিসের আওতাধীন ওই এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক লাইনে কাজ শুরু করে।
এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক যুবক মারা যান। বিষয়টি টের পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও কালিয়াকৈর জোনাল অফিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ পরের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তার পরিচয় সনাক্তের লক্ষ্যে পিবিআই কে অবগত করা হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
