ভোলা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ভোলার পুলিশ সুপার জনাব মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং পুলিশের নিকট তাদের প্রত্যাশার কথা জানান।
এ সময় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জেলা পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, ভোলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সাংবাদিকদের দেওয়া অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
