চৌদ্দগ্রামে মাটি বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মো. নাছির উদ্দিন নামে চিহ্নিত এক মাটি সিন্ডিকেট সদস্য ও মাটি বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, সুনির্দিষ্ট বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার শুভপুর ইউনিয়নের তিনপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

অভিযানকালে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কেটে অন্যত্র বিক্রির দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় স্থানীয় মাটি বিক্রেতা মো. নাছির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মাটি খেকোদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান সর্বত্র অব্যাহত থাকবে। এর আগে গত বুধবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে উপজেলার কাশিনগর ইউনিয়ন থেকে একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত