দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে অর্চনা সুরিন (২৭) নামে এক বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে ফুলবাড়ীর রসুলপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৯৯-এর ১ নম্বর সাব-পিলারের ভারতের অভ্যন্তরে বসুলপুর শেখপাড়া এলাকায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেরত আসা অর্চনা সুরিন দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার জোসেফ সুরিনের কন্যা।
বিজিবি সূত্রে জানা গেছে, অর্চনা সুরিন দীর্ঘদিন ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। চাকরিকালীন সময়ে ভারতীয় নাগরিক দিপংকরের সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস পেয়ে চলতি বছরের ১২ ডিসেম্বর ভারতীয় নাগরিক রানার সহায়তায় সিলেটের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তিনি এবং দিপংকরের বাড়িতে যান।
পরবর্তীতে দিপংকরের বাবা-মা তাদের বিয়েতে অস্বীকৃতি জানিয়ে ভারতের পতিরাম থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। ১৪ ডিসেম্বর পতিরাম থানা পুলিশ অর্চনা সুরিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিএসএফ তাকে পুলিশের হেফাজত থেকে নিজেদের জিম্মায় নেয়।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মাধবপুর কোম্পানির সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে অর্চনা সুরিনের জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত করা হয়। এরপর বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
