মানুষের জীবনযাপন, চিন্তাভাবনা, আচার-আচরণ, রুচি ও মূল্যবোধের সমন্বিত প্রকাশই সংস্কৃতি। মানুষের খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা, পারিবারিক সম্পর্ক, সামাজিক শিষ্টাচার, শিল্প-সাহিত্য ও জ্ঞানচর্চা সংস্কৃতির বিভিন্ন দিক। সংস্কৃতিকে কেবল গান, নৃত্য কিংবা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। এটি একটি জাতির সামগ্রিক জীবনধারার পরিচয় বহন করে।
ইসলাম মানুষের জীবনকে পূর্ণাঙ্গভাবে বিবেচনা করে। ব্যক্তিগত ইবাদত থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক জীবন, শিক্ষা, অর্থনীতি, শিল্প-সাহিত্য এবং রাষ্ট্রীয় কার্যক্রম পর্যন্ত সব ক্ষেত্রেই ইসলামের দিকনির্দেশনা রয়েছে।
এ কারণে ইসলামি আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা জীবনধারাই ইসলামি সংস্কৃতি। এর মূল ভিত্তি পবিত্র কোরআন ও সুন্নাহ। রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা, জীবনাচরণ এবং সাহাবায়ে কেরামের আদর্শে ইসলামি সংস্কৃতির বাস্তব রূপ ফুটে উঠেছে।
ইসলামি সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হলো বিশুদ্ধ বিশ্বাস, জ্ঞান, আদর্শ, নৈতিকতা, ভাষা ও সুশৃঙ্খল সমাজব্যবস্থা। তাওহিদ ও ইমান একজন মুসলমানের চিন্তা ও কর্মের ভিত্তি তৈরি করে। ইমানের প্রভাবে মানুষের মধ্যে সততা, বিশ্বস্ততা, বিনয়, ধৈর্য, আত্মসংযম, দায়িত্ববোধ ও মানবিকতা গড়ে ওঠে। এসব গুণ ব্যক্তিজীবনকে সুন্দর করে এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
ইসলাম মানুষের স্বাভাবিক জীবনধারাকে অস্বীকার করে না। বরং মানুষের ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস ও সামাজিক ঐতিহ্যকে স্বীকৃতি দিয়ে সেগুলোকে নৈতিকতার আলোকে পরিচালিত করে। কোনো জাতিকে নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক পরিচয় ত্যাগ করে অন্য জাতির অনুকরণ করতে বাধ্য করে না। তবে কোনো প্রথা বা সংস্কৃতিতে অশ্লীলতা, অন্যায় কিংবা ইসলামের মৌলিক আদর্শবিরোধী বিষয় থাকলে তা পরিহার করতে নির্দেশ দেয়। ফলে ইসলামি সংস্কৃতি বৈচিত্র্যকে ধারণ করে, একই সঙ্গে নৈতিক শুদ্ধতা নিশ্চিত করে।
সংস্কৃতিচর্চার ক্ষেত্রে জ্ঞানার্জন, সাহিত্য রচনা, ইতিহাস অধ্যয়ন, স্থাপত্য, কারুশিল্প ও সৃজনশীল কর্মকাণ্ডেরও গুরুত্ব রয়েছে। এসব চর্চা মানুষের মননশীলতা ও রুচিবোধ বিকশিত করে। তবে প্রতিটি কাজের ক্ষেত্রে শালীনতা, সত্যনিষ্ঠা ও কল্যাণবোধ বজায় রাখা জরুরি।
মূলত ইসলামি সংস্কৃতি কোনো নির্দিষ্ট জাতি বা ভূখণ্ডের জীবনধারার নাম নয়। এটি কোরআন ও সুন্নাহর নির্দেশনায় পরিচালিত এমন একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে মানুষের ব্যক্তিগত ও সামষ্টিক কল্যাণ, নৈতিক উৎকর্ষ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য।
রুমির কবিতায় আত্মার মুক্তি ও শাশ্বত প্রেম