খুলনার ডুমুরিয়ায় উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা রাহাবাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের স্বপন কুমার রায় (৪৮) ও তাঁর স্ত্রী হান্না সরকার (৪৪)। স্বপনের বাবার নাম জ্ঞানেন্দ্র রায়। তাঁরা মোটরসাইকেলে খুলনা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্বপন ও তাঁর স্ত্রী নিজেদের মোটরসাইকেল (নম্বর হ-১৮-২৫০৩) নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গোলনা রাহাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা বগুড়া-জ-১১-০০৩৮ নম্বরের আরেকটি বাস তাঁদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই স্বপন কুমার রায়ের মৃত্যু হয়। তাঁর শরীর থেঁতলে যায়। গুরুতর আহত হান্না সরকারের বুক ও মাথায় আঘাত লাগে। তাঁকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনিও মারা যান।
নিহতদের স্বজন শিমমন সরকার জানান, স্বপন তাঁর শ্বশুর এবং হান্না শাশুড়ি। তাঁরা দুজনই একটি মিশনে চাকরি করতেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। নিহত দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রক্রিয়া শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘাতক বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।