জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুমার নামাজের পর শাহবাগে হওয়ার কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে তিনি এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।
পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। অবস্থান কর্মসূচির পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।’
তিনি আরও সতর্ক করেছেন, ‘যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে। জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ বা নাশকাত্মক কার্যক্রম যাতে করতে না পারে, সে বিষয়ে সবাই ভূমিকা রাখুন।’
এর আগে শুক্রবার সকাল ৭টা থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শাহবাগে সড়ক অবরোধ করে ছাত্রজনতা বিক্ষোভ করেছেন। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হব, জুগে জুগে লড়ে যাব’ ইত্যাদি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ধানমন্ডি ৩২ নম্বরে আবারও ভাঙচুর
টিকটকে নাচের ভিডিও প্রকাশ, স্ত্রীকে শ্বাসরোধে হত্যা