ধানমন্ডি ৩২ নম্বরে আবারও ভাঙচুর

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনা আজ শুক্রবারও (১৯ ডিসেম্বর) অব্যাহত রয়েছে। এর মধ্যে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বেলা ১২টার দিকে ঘটনার স্থলে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি হাতে শাবল ও হাতুড়ি নিয়ে বাড়ির দেয়াল ভাঙতে দেখা গেছে।

বিক্ষোভকারীদের একজন বলেন, ‘যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদের টিকতে দেওয়া হবে না।’ অপর একজন বলেন, ‘ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রম থামবেন না।’

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত