সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত ২ 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম। 

নিহতরা হলেন- উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

স্থানীয়রা জানিয়েছে, ‘দমদমা ১২৬০ মেইন পিলারের ২নং সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে সুপারি চুরি করতে গেলে ভারতীয় খাসিয়ার গুলি ছুঁড়ে। এতে আশিকুর ও মোশাহিদ মারা যান। নিহতের মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।’

ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তারা সুপারি চুরি করতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল।’

সিলেটের ৪৮ বিজিবির অধিনায়ক নাজমুল ইসলাম বলেন, ‘ভারতীয় খাসিয়ার গুলিতে দুজন মারা গেছেন। একজন ঘটনাস্থলেই মারা যায়, অপরজনকে তার সঙ্গীরা নিয়ে আসলে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।’ 

তিনি আরও বলেন, ‘সুপারি চুরি করতে ভারতে ঢুকে পড়ায় ভারতীয় খাসিয়া বাগান মালিকরা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত