সাটুরিয়ায় সেবা পেল ৩ হাজার দুস্থ রোগী

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহযোগিতায় মানিকগঞ্জের সাটুরিয়ায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩ হাজার দুস্থ ও অসহায় রোগী চিকিৎসা সেবা পেয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের পশ্চিম কাওন্নারা গ্রামের সাটুরিয়া ইউনাইটেড মডেল স্কুল ক্যাম্পাসে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, ‘আজকের ক্যাম্পে মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গাইনি ও অবস, চক্ষু, ডেন্টাল, নাক-কান-গলা, শিশু ও নবজাতক, চর্ম ও যৌনরোগসহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়েছেন। দিনব্যাপী প্রায় ৩ হাজার দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ এবং ৪ থেকে ৫ ধরনের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দেওয়া হচ্ছে। ক্যাম্পে শনাক্ত হওয়া জটিল রোগীদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, ‘মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাবেক মন্ত্রী ও মানিকগঞ্জ- ৩ (সাটুরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ খান মুন্নুর নামে পরিচালিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।’

তিনি বলেন, ‘শীত মৌসুমে গ্রামাঞ্চলের অনেক দুস্থ নারী-পুরুষ ও শিশু শহরে এসে চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা মাথায় রেখেই আমরা গ্রাম পর্যায়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করছি। ইতোমধ্যে সাটুরিয়া, দরগ্রাম ও মানিকগঞ্জ সদরসহ একাধিক স্থানে সফলভাবে এ ধরনের ক্যাম্প সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল গিলন্ড এলাকায় অবস্থিত। এখানে নিয়মিতভাবে উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়া হয়। দরিদ্র ও অসহায় রোগীদের অনেক সময় বিনামূল্যে চিকিৎসা ও বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে।’

এছাড়া তিনি উল্লেখ করেন, ‘২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা না পাওয়া অবস্থায় মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতার নির্দেশে বিনামূল্যে আহতদের চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি শহীদ পরিবারগুলোকেও আর্থিক সহায়তা প্রদান করেছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত