নওগাঁয় ৫ শতাধিক তাল গাছের মাথা কেটে দিল নেসকো

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

সাম্প্রতিক সময়ে বেড়েছে বজ্রপাত। সরকার ও পরিবেশবিদরা বজ্রপাত থেকে মানুষের জীবন বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ রোপণের ওপর জোর দিচ্ছে। নওগাঁ পৌর শহরের পুরো বাইপাস সড়কের দুই পাশে সারিবদ্ধ তালগাছ লাড়ানো হয় ৯০ এর দশকে। তার মধ্যে বাইপাস সেতুর দক্ষিণ পাশ থেকে বোয়ালিয়া পর্যন্ত ৫ শতাধিক তালগাছের মাথা কেটে দিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) দাবি করেন, নিয়ম মেনেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছগুলো কাটা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, নব্বইয়ের দশকে জেলা প্রশাসন ও ব্যাক্তি উদ্যোগে নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের উত্তর ও দক্ষিণ পাশে তালগাছগুলো রোপণ করা হয়। ১৯৯৫ সালে নেসকোর বিদ্যুৎ উপকেন্দ্র থেকে সদর উপজেলার বোয়ালিয়া, তিলকপুর ও বক্তারপুর এবং বদলগাছী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করতে বাইপাস সড়কের দুই পাশেই খুঁটি বসানো হয়। যখন নেসকো লাইন নির্মাণের জন্য খুঁটি স্থাপন করে তখন তালগাছগুলো ছোট ছিল। এখন গাছগুলো বড় হয়েছে। বিগত বছরগুলোতে নেসকো অফিস থেকে তালগাছের শুধু বাড়তি পাতার অংশ ছেঁটে দেওয়া হত। এবার একদম তাল গাছগুলোর মাথা কেটে দেওয়া হয়েছে।

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল জানান, বিদ্যুৎ লাইনের খুঁটি গুলো ৫-৭ ফিট দক্ষিণ পাশ্বে সরিয়ে নিলে গাছগুলো কেটে ফেলতে হতোনা। ইতিমধ্যে কিছু তাল গাছ মারা গেছে। অতি দ্রুত গাছগুলো রক্ষায় নেসকোকে বিদ্যুতের লাইন সরিয়ে নেওয়ার অনুরোধ জানান তিনি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) অচিরেই যদি লাইন অপসারণ করে গাছগুলোকে রক্ষা করার কাজ না করে তাহলে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ কমিটির সভাপতি রফিকুল ইসলাম জানান, গাছগুলো এখাবে কাটা উচিত নয়। গাছ আমাদের জীবন বাঁচায়। বিভিন্ন জায়গায় বিদ্যুতের লাইনের জন্য গাছ কাটা হয়। গাছ গুলো না কেটে গাছকে রক্ষা করার জন্য বিদ্যুতের খুঁটি সড়িয়ে নেওয়া যেত।

সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক জানান, ভূমি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী সড়ক ও জনপদের জাইগায় অনুমতি সাপেক্ষে সীমানার শেষ প্রান্তে বিদ্যুতের খুঁটি নির্মাণের বিধান রয়েছে। সড়কের পাশে বিদ্যুতের খুঁটি, গাছ অথবা যেকোন কাজের জন্য সড়ক বিভাগের অনুমতি নিতে হয়। কিন্তু নেসকো সড়ক বিভাগের অনুমতি ছাড়াই গাছগুলোর মাথা কেটে ছেলেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নেসকো-২ এর নির্বাহী প্রকৌশলী মিলন মাহমুদ জানান, জনগণের স্বার্থেই এ কাজটি করা হয়েছে। লাইন স্থানান্তর করতে গেলে খরচ আছে এবং অন্যের জমির ওপরে গেলে তারা আবার বাধা প্রদান করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত