ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্প্রসারণের দিকে মনোযোগ দিচ্ছে, যা ইসরায়েলসহ আন্তর্জাতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করার পরিকল্পনা করছেন।
মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে ইসরায়েলি হামলার পরও ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন আবার শুরু করেছে।
ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা পুনর্গঠন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টা বর্তমানে তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত। এ ছাড়া ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র পুনর্গঠনের বিষয়েও তারা গভীর উদ্বিগ্ন।
সূত্র জানিয়েছে, ২৯ ডিসেম্বর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এই উদ্বেগ তুলে ধরবেন। তিনি যুক্তরাষ্ট্রকে বোঝাতে চাইবেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও ঝুঁকিপূর্ণ।
প্রয়োজনে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা সহযোগিতার সম্ভাবনা নিয়েও নেতানিয়াহু আলোচনা করতে পারেন। রয়টার্স জানিয়েছে, এই বিষয়গুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
হাদির সমাধিস্থলের ছড়িয়ে পড়া ছবি ভুয়া: ডিএমপি