রিয়াল ম্যাচে লাল কার্ড দেখে কোচ বললেন ‘আমি সার্কাসের ভাঁড় নই’!

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগা ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেভিয়ার প্রধান কোচ মাতিয়াস আলমেইদা। ম্যাচের বিরতিতে লাল কার্ড দেখার পর সংবাদ সম্মেলনে আলমেইদা বলেন, তিনি কোনো সার্কাসের ভাঁড় নন! একইসঙ্গে তিনি রেফারির সঙ্গে তার কথোপকথনের অডিও প্রকাশ করার দাবি জানান।

ম্যাচের প্রথমার্ধে জুড বেলিংহ্যামের গোলে পিছিয়ে থাকা অবস্থায় বিরতিতে টানেলে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আলমেইদা। এর আগে মাঠের পাশে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় তিনি হলুদ কার্ড পেয়েছিলেন। ম্যাচে পরে সেভিয়ার ডিফেন্ডার মার্কাও লাল কার্ড দেখলে দলের পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আরেকটি পেনাল্টির সিদ্ধান্ত ভিডিও সহকারী রেফারির পর্যালোচনায় বাতিল হয়।

ম্যাচ শেষে আলমেইদা বলেন, রেফারির আচরণ ছিল খুবই খারাপ। তিনি রিয়াল মাদ্রিদের জয়কে সম্মান জানালেও বলেন, রেফারিংয়ের মান নিয়ে তিনি একমত নন। তার দাবি, তিনি রেফারিকে কোনো অপমানসূচক কথা বলেননি। যদি অসম্মান হয়ে থাকে, তবে সেই কথোপকথনের অডিও প্রকাশ করা হোক। রেফারির সঙ্গে তার বাকবিতণ্ডার সাক্ষীও আছেন বলে উল্লেখ করেন সেভিয়া কোচ।

এই ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন আলেহান্দ্রো মুনিস রুইস। আলমেইদার অভিযোগ, শ্রদ্ধার সঙ্গে কথা বললেও রেফারি বিরক্ত হয়ে পড়েন এবং সেখান থেকেই পরিস্থিতি জটিল হয়। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো বলেন, দল এখনো নিজেদের সেরা খেলাটা খেলতে পারছে না এবং উন্নতির জায়গা আছে। তবে এই মুহূর্তে জয়টাই ছিল প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে অনেক খেলোয়াড় অনুপস্থিত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত