ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার সন্দেহভাজন হামলাকারীদের সীমান্ত অতিক্রম করে পালাতে সহায়তাকারী সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিমের (২৩) আবারও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ সংক্রান্ত মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
এর আগে ১৮ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের এ মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডকৃত এই দুই আসামি এজাহার নামীয় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ (৩৭) ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামিকে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে বলে সাক্ষ্য-প্রমাণ ও প্রযুক্তি সহযোগিতায় তথ্য পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ উল্লেখ করেছেন। আসামি সিভিয়ন ডিউ (৩২) হালুয়াঘাট ও ধুবাউরা উপজেলার সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য জুয়েল আড়েং এর ভাগ্নে।
গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডের শরীফ ওসমান হাদির ওপর দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ১২০(বি)/৩২৬/৩০৭/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। গত ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে দণ্ডবিধি ৩০২ ধারা সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।
