জিন্নাহর জন্মবার্ষিকী ঘিরে ঢাকায় পাল্টাপাল্টি কর্মসূচি

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম

পাকিস্তানের স্থপতি মুহাম্মদ আলী জিন্নাহর ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এক আলোচনাসভার আয়োজন করে নবাব সলিমুল্লাহ একাডেমি। এর বিরোধিতা করে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ করেন সচেতন যুবক সমাজ পরিচয়ে কিছু যুবক। তার এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে মুহাম্মদ আলী জিন্নাহর ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নবাব সলিমুল্লাহ একাডেমি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুহাম্মদ আব্দুল জব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের আহ্বায়ক মুহাম্মদ সামসুদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা প্রথম মুসলিম দেশ হিসেবে স্বাধীন হয়েছিলাম ১৯৪৭ সালে। আমরা কায়েদ ই আযমের জন্য আজ বাংলাদেশ পেয়েছি। ১৯৪৭ সালে তারা যদি এই দেশে না আসতো তাহলে বাংলাদেশে কোনও শিল্প-কারখানা গড়ে উঠতো না।

তিনি আরও বলেন, অপারেশন সার্চ লাইটের আগে ভারত আমাদের উর্দুদের ওপর হামলা করেছিল। তারা চেয়েছিল উর্দুদের হত্যা করতে পারলে বাংলাদেশকে কব্জায় নিতে পারবে। বাংলাদেশে যেসব উর্দুভাষী আছেন তাদের পূর্ব পুরুষরা এখানে শিল্প-কারখানা গড়ে তোলার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারা মুহাম্মদ আলী জিন্নাহর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের নানা ঘটনা বর্ণনা করেন।

এদিকে জন্মদিন পালনের বিরোধিতা করে সচেতন যুবক সমাজ পরিচয়ে কিছু যুবক প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরাম খাঁ হলের সামনে ব্যানার টাঙ্গিয়ে মানববন্ধন করে। পরে প্রেস ক্লাব কর্তৃপক্ষ তাদের বাধা দেন। এ সময় প্রেস ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে প্রেস ক্লাবের বাইরে তাদের মানববন্ধন করার পরামর্শ দিলে তারা চলে যান।

এর আগে যুব সমাজের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়, স্বাধীন বাংলাদেশে বিজয়ের মাসে পাকিস্তানের জাতির পিতার জন্মদিন পালন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত