চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়ন পত্র নিলেন চার প্রার্থী

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনে (আনোয়ারা-কর্ণফুলী) বিএনপিসহ চার প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিএনপিসহ তিন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অপরদিকে বিএনপির মনোনয়ন না পাওয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের পক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম-১৩ আসনে এখন পর্যন্ত বিএনপি, এনসিপি ও ইসলামী ফ্রন্ট মনোনীত মোট তিন প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলনের তথ্য নথিভুক্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অন্য প্রার্থীরাও ফরম সংগ্রহ করতে পারবেন।

সকালে আনোয়ারার ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা আক্তারের কাছ থেকে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারই ছেলে সাহওয়াজ জামাল নিজাম। এ ছাড়া এনসিপি মনোনীত প্রার্থী জুবাইরুল আলম মানিক ও ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী এস এম শাহজাহান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ছালেহ।

অপরদিকে বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের পক্ষে মাস্টার মোহাম্মদ রফিকসহ দলীয় নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত