ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নিহত গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় তিনি নিহতের পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা, সেলাই মেশিন, ৬০ কেজি চাল, ৬ কেজি ডাল, ৬ লিটার তেল, পাঁচটি কম্বল ও রান্নার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মোকামিয়া কান্দা গ্রামে নিহত দীপু চন্দ্র দাসের বাবা রবি চন্দ্র দাস ও মা শেফালি চন্দ্র দাসের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক।
নিহতের বাবা রবি চন্দ্র দাস বলেন, দীপুই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কোনো অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু এভাবে ছেলেকে হারাতে হবে তা তিনি কল্পনাও করেননি।
নিহতের স্ত্রী মেঘনা রানী বলেন, তার একমাত্র সন্তান এখন বাবা হারা। অভাবের সংসার নিয়ে কীভাবে চলবেন তা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। একই সঙ্গে তিনি এ হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার দাবি করেন।
এ সময় জেলা প্রশাসকে সঙ্গে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস সালেহীন।
গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৭) নামের এক সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
